যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ, স্বামী পলাতক

কক্সবাজার সদর প্রতিনিধি | Bnc News ।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম নূর আয়েশা (২৭)। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মাহবুব আলম পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নূর আয়েশার মৃত্যুর খবর পান তার বাবা-মা। নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযুক্ত মাহবুব আলম উখিয়া উপজেলার নজির হোসেন ও হোসনে আরার ছেলে।

নিহতের মা নূর খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন মাহবুব। তিনি Bnc News-কে বলেন, দীর্ঘদিন ধরে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। মঙ্গলবার রাতেও মারধর করা হয়েছে। তার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি এবং ঘটনার সুষ্ঠু বিচার চান।

এ বিষয়ে পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে পলাতক মাহবুব আলমকে গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন Bnc News-কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×