সুন্দরবনে দস্যুতা দমনে ধারাবাহিকভাবে যৌথ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৮ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড সর্বদা সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ। দস্যুতা দমনে নিয়মিত যৌথ অভিযান এবং গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
গত দেড় বছরে পরিচালিত অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ সদস্যকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা এবং ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়।
একই সময়ে দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী-খালে নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ডাকাতদের কয়েকটি আস্তানা শনাক্ত করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরবন এলাকায় দস্যুতা পুরোপুরি নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
