খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় একজন এবং কুষ্টিয়ায় একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৭৫২ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কুষ্টিয়া জেলা। সেখানে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৫০ শিশু চিকিৎসাধীন রয়েছে।
এ ছাড়া, যশোরে ৯২ জন, খুলনায় ৭৮ জন, বাগেরহাটে ৩০ জন, চুয়াডাঙ্গায় ১২ জন, ঝিনাইদহে ৩৩ জন, মাগুরায় ৫২ জন, মেহেরপুরে ৩০ জন, নড়াইলে ২৩ জন এবং সাতক্ষীরায় ৫২ জন শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৬২ শিশুর মধ্যে কুষ্টিয়ায় ১৯ জন, সাতক্ষীরায় ২ জন, খুলনায় ৬ জন, যশোরে ১৬ জন, বাগেরহাটে ১ জন, ঝিনাইদহে ৩ জন, মাগুরায় ৭ জন এবং নড়াইলে ২ জন রয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
