কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলজুড়ে পৃথক চারটি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। একই সঙ্গে তাদের জিম্মিতে থাকা তিন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। Bnc News-কে জানান, উপকূলীয় এলাকায় অপরাধ দমনে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী সৈকতসংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়।
তল্লাশিতে বোট থেকে দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র, দু’টি তাজা কার্তুজ এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক এবং তাদের জিম্মিতে থাকা তিন জেলেকে জীবিত উদ্ধার করা হয় বলে Bnc News-কে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
একই রাতে চট্টগ্রামের সদরঘাট থানার শাহ আমানত সেতুসংলগ্ন এলাকা এবং কক্সবাজারের বাকখালী নদীর মোহনায় পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড। এসব অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫ হাজার লিটার ডিজেল, ৫৪ লিটার ইঞ্জিন কুল্যান্ট, ৭০ লিটার গিয়ার অয়েল, ৪০ লিটার সুপার মোটর অয়েল, একটি ডিজেল ইঞ্জিন ও চারটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় এবং পাঁচ পাচারকারীকে আটক করা হয়।
এছাড়া অন্য একটি বোটে অভিযান চালিয়ে প্রায় ৪৫০ বস্তা সিমেন্টসহ তিন পাচারকারীকে আটক করা হয়। একই সময়ে গভীর সমুদ্রে নৌকাডুবির ঘটনায় ভাসমান অবস্থায় নয়জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে।
আটক ডাকাত ও পাচারকারী, জব্দকৃত বোট ও মালামাল এবং উদ্ধার জেলেদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি Bnc News-কে বলেন, উপকূলীয় এলাকায় ডাকাতি, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
