সিলেটে ‘হানিট্র্যাপ’ চক্রের ফাঁদ: ২ নারীসহ গ্রেফতার ৪, উদ্ধার ২ যুবক


নিজস্ব প্রতিনিধি | Bnc News 

সিলেট নগরে ‘হানিট্র্যাপ’ চক্রের অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের জিম্মিতে থাকা দুই যুবককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে নগরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে কোতোয়ালি থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন—কানাইঘাটের বাসিন্দা তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা (২৭), গোয়াইনঘাটের মো. আব্দুল জলিল (৩০), নগরের মিরাবাজার এলাকার জেসমিন আক্তার (২২) এবং দক্ষিণ সুরমার গঙ্গানগরের মো. জায়েদ আহমদ (৩৫)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি সিএনজি অটোরিকশা, তিনটি মোবাইল ফোন এবং ভিকটিমদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আইফোন ১৪ প্রো ম্যাক্স ও একটি আইটেল মোবাইল উদ্ধার করা হয়েছে।

Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, গত বৃহস্পতিবার রাতে মেন্দিবাগ পয়েন্ট থেকে মাহমুদুল হাসান রিফাত (২৫) ও তার বন্ধু মাহফুজ আলী (২৫)-কে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে চক্রের সদস্যরা। পরে তাদেরকে সিএনজি অটোরিকশায় করে যতরপুর এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানে পূর্বপরিকল্পিতভাবে অন্যান্য সদস্যদের সহযোগিতায় দুই যুবককে জিম্মি করে ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়। পাশাপাশি তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে অশ্লীল ভিডিও ধারণ করা হয় এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়।

তিনি Bnc News-কে বলেন, ভিকটিমদের একজন আত্মীয়-স্বজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা পাঠালে পরিবারের সন্দেহ হয়। পরে তারা দ্রুত কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয় এবং দুই যুবককে উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
×