নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)
দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ১৫টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
সতর্কতার আওতায় থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিএনিসি (BNC)-এর অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে মৌসুমি পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এমন অস্থির আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে, যা কৃষি ও নৌযান চলাচলে প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে, যা এই আবহাওয়ার পরিবর্তনে ভূমিকা রাখছে।
এই পরিস্থিতিতে দেশের বেশ কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
