তারিখ: ৩০ মার্চ ২০২৬, সময়: ১১:৪৫
আগামী ৩০ এপ্রিল থেকে দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে শিশু-কিশোরদের প্রতিভা আবিষ্কারের জন্য ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান শুরু হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের এই জনপ্রিয় অনুষ্ঠান কিছু বছর বন্ধ থাকলেও বর্তমানে আবার চালু হয়েছে। এবার অনুষ্ঠানটি ভিন্ন আঙ্গিকে দেশের বিভিন্ন এলাকায় শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা আবিষ্কারের উদ্দেশ্যে সম্প্রসারিত হচ্ছে।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ক্রীড়া শুধুমাত্র শখ বা বিনোদন নয়, এটি পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও এই ক্ষেত্র থেকে পিছিয়ে থাকবে না।
তারেক রহমান আরও বলেন, “যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তার পছন্দের খেলাটিকে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে এবং ধারাবাহিকভাবে ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ ক্রীড়াবিদদের জন্য অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেশের ক্রীড়ার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
