সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জোটে নেই রুমিন ফারহানা


নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। সংরক্ষিত আসনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের দল বা জোটগত অবস্থান স্পষ্ট করতে চিঠি দেয় কমিশন। এর জবাবে রুমিন ফারহানা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তিনি কোনো জোটে অংশ নেবেন না।

এই সিদ্ধান্তের ফলে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তিনি শুধুমাত্র একজন সাধারণ ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়ায় তিনি সরাসরি সম্পৃক্ত থাকবেন না।

বিএনিসি (BNC)-এর অনুসন্ধানে দেখা গেছে, সংবিধানের বিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

২০০৪ সালের জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, সংসদে দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের আনুপাতিক ভিত্তিতে সংরক্ষিত আসন বণ্টন করা হয়। ফলে যে দল বা জোট সংসদে যত বেশি আসন পায়, তারা সেই অনুপাতে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্বের সুযোগ লাভ করে।

Post a Comment

Previous Post Next Post
×