নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেনবাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)। এর মধ্যে হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ স্থানীয় বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের দরজার সামনে রক্ত দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে ভেতরে ঢুকে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ সূত্র জানায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার রাত ৮টার দিকে মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে বাড়িতে ফেরেন। তার কাছে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে এবং পরে পরিচয় ফাঁসের আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করে। বাড়ি থেকে স্বর্ণালঙ্কারও লুট হয়েছে বলে জানা গেছে। পপি খাতুনের কানের রিং ছিনিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান Bnc News কে জানান, “বাড়ির কর্তা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং সন্তানদের মাথায় আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ডাকাতির পর পরিচয় প্রকাশের ভয়ে তাদের হত্যা করা হয়েছে।”
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
.jpeg)