প্রধানমন্ত্রীর দফতরে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় দেশের সকল ধর্মাবলম্বীর ঐক্যবদ্ধ সহযোগিতার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, সরকার সব ধর্মের মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং সবাইকে সমানভাবে মূল্যায়ন করে। তিনি উল্লেখ করেন, “ধর্ম যার যার, দেশ সবার”—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে।
দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ধারণা ছিল সংখ্যালঘু সম্প্রদায় বিএনপিকে সমর্থন করে না, তবে সাম্প্রতিক নির্বাচনে সব ধর্মের মানুষের সমর্থনে সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
বর্তমান অর্থনৈতিক ও অবকাঠামোগত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের অবস্থা ছিল অত্যন্ত দুর্বল, যা অনেকটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের মতো মনে হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইজরাইল-ইরান সংঘাতজনিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও তিনি তুলে ধরেন।
সভায় বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ ও খ্রিষ্টান প্রতিনিধি খ্রীস্টেফার অধিকারী বক্তব্য দেন। তারা সরকারের ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ এবং ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতাসহ বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং জাতীয় সংসদে সংরক্ষিত আসনে খ্রিষ্টান নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও ইস্টার সানডে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। প্রধানমন্ত্রী এসব দাবি বিবেচনার আশ্বাস দেন এবং শেষে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
