খুলনা রেলওয়ে জেলায় ডিউটিতে থাকা এক কনস্টেবল নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ভোরে এ ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে ভোর আনুমানিক ৪টা ৪০ থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে। খুলনা মহানগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার রোড নম্বর-০৯, বাসা নম্বর-২৭৩ এ অবস্থিত খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সের ষষ্ঠ তলা ভবনের দ্বিতীয় তলায় অস্ত্রাগারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (কনস্টেবল/৫০৩), বিপি নম্বর-৯৯১৮২১৪৯২৯। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের পুত্র।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, ঘটনার সময় তিনি অস্ত্রাগার ডিউটিতে নিয়োজিত ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক ৪টা ৩৬ মিনিটে তিনি মোবাইল ফোনে লাইভ ভিডিও কলে কারও সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি উঠে অস্ত্রাগারের সামনে রাখা অস্ত্রের বাক্স থেকে নিজের নামে ইস্যুকৃত চায়না রাইফেল বের করেন এবং চেয়ারে বসেন। কিছু সময় পর তিনি রাইফেলটি মাথার সঙ্গে ঠেকিয়ে গুলি করেন।
গুলির শব্দ পেয়ে ব্যারাকে অবস্থানরত অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি খুলনা রেলওয়ে কন্ট্রোলের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
