ছেলের হাতে মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা, হাসপাতালে ভর্তি টাঙ্গাইলে চাঞ্চল্যকর অভিযোগ


টাঙ্গাইল প্রতিনিধি | Bnc News

টাঙ্গাইল পৌরসভার ৭নং ওয়ার্ডে পারিবারিক বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাসেম আলী তার নিজের ছেলের হাতে মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশীদ (মামুন)-এর বিরুদ্ধে।

Bnc News-এর অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মামুনুর রশীদ টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার পিতা হাসেম আলীর কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা করে আসছিলেন। বিষয়টি টের পেয়ে বীর মুক্তিযোদ্ধা হাসেম আলী তার ১৪ শতাংশ জমি ছোট ছেলে মেহেদী হাসানের নামে লিখে দেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বড় ছেলে মামুন ও তার স্ত্রীসহ কয়েকজন মিলে পিতা ও ছোট ভাইকে হুমকি ও হামলার চেষ্টা করে—এমন অভিযোগ করেছেন হাসেম আলী ও মেহেদী হাসান। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

সর্বশেষ গত ১৪ এপ্রিল সন্ধ্যায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় হাসেম আলী টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরকে কেন্দ্র করে ১৬ এপ্রিল সকাল ৮টার দিকে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, ওই সময় মামুনুর রশীদ, তার স্ত্রী লিনা আক্তারসহ মাহবুব আলম, সাব্বির, মিলি আক্তার, হোসনে আক্তার মনি এবং অজ্ঞাত আরও ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা হাসেম আলী, যাকে পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি Bnc News-কে বলেন, “পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেনাবাহিনীতে সুনামের সঙ্গে চাকরি করেছি। জীবনে কোথাও এমন মার খাইনি। অথচ শেষ বয়সে এসে নিজের সন্তানের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। এই লজ্জা কোথায় লুকাবো বুঝতে পারছি না।”

তবে অভিযোগ অস্বীকার করে মামুনুর রশীদ Bnc News-কে জানান, “বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বরং আমার বাবা আমাকে বাঁশ দিয়ে আঘাত করেছেন। আমাকে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।” তিনি আরও জানান, তার স্ত্রী ইতোমধ্যে থানায় একটি পাল্টা অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তদন্ত করেছে।

এ বিষয়ে সন্তোষ ফাঁড়ির এএসআই দয়াল বলেন, “দুই পক্ষের অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী যদি মামলা করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
×