সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর; সংসদে বিল পাস


নিজস্ব প্রতিনিধি | Bnc News ।

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণে জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি গৃহীত হয়।

বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শিরোনামে প্রস্তাবটি সংসদে তোলা হয়।

বিলের বিধান অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা এখন থেকে ৩২ বছর নির্ধারিত হবে। একইসঙ্গে স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে পূর্বে বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর ছিল, সেগুলোতেও এই নতুন সীমা কার্যকর হবে।

তবে যেসব পদে আগে থেকেই ৩২ বছরের বেশি, যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেসব ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। ফলে নতুন এই আইনের কারণে কোনো প্রার্থীর সুযোগ কমবে না। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ তাদের নিজস্ব বিধিমালা অনুযায়ী আগের মতোই চলবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ২০২৪ ও ২০২৫ সালে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বাতিল করে স্থায়ী আইনি কাঠামো তৈরির জন্যই নতুন এই বিল আনা হয়েছে।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, পূর্ববর্তী অধ্যাদেশের কারণে কিছু ক্ষেত্রে কারিগরি জটিলতা তৈরি হয়েছিল, বিশেষ করে কিছু বিশেষায়িত পদে বয়সসীমা অনিচ্ছাকৃতভাবে কমে গিয়েছিল। নতুন আইনের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করা হয়েছে এবং উচ্চতর বয়সসীমা থাকা পদগুলোর বিদ্যমান নিয়ম অক্ষুণ্ন রাখা হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×