হরমুজ প্রণালিতে আটকে থাকা ছয় বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের অনুমতি


ডেস্ক রিপোর্ট | বাংলা নিউজ সেন্টার (BNC)

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী জানিয়েছেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার জন্য ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল অনুমতি দিয়েছে। বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে অবহিত করা হয়েছে এবং ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেগুলোকে সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে। তবে জাহাজগুলোর বিস্তারিত তথ্য শুরুতে না পাওয়ায় তা শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন চাওয়া হয়েছিল, যা গত সপ্তাহে পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

জলিল রহীমি জাহানাবাদী বলেন, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের বিষয়টি সচিত্রভাবে তেহরানে জানানো হয়েছে। তিনি বাংলা নিউজ সেন্টারকে জানান, বাংলাদেশের জনগণ যাতে কোনো সমস্যায় না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে ইরান কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশ ইরানের ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। হরমুজ প্রণালিতে অবস্থানরত বাংলাদেশি জাহাজগুলোকে নিরাপদে চলাচলের জন্য বাংলাদেশ সরকারের অনুরোধের প্রেক্ষিতে ইরান সহযোগিতা করছে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি যুদ্ধাবস্থার মতো হওয়ায় কিছু জটিলতা তৈরি হলেও তা সমাধানে কাজ চলছে। ভবিষ্যতে হরমুজ প্রণালিতে চলাচলের নিয়মেও পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি। ইনোসেন্ট প্যাসেজ নীতির আওতায় ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলেও ইঙ্গিত দেন।

রাষ্ট্রদূত আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইরানে অবস্থানরত ১৮০ জনের বেশি বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরাতে সহায়তা করা হয়েছে। তাদের মধ্যে অনেকে বৈধ কাগজপত্র ছাড়াই অবস্থান করলেও মানবিক বিবেচনায় কোনো হয়রানি করা হয়নি এবং নামমাত্র জরিমানায় দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post
×