লক্ষ্মীপুরের রামগতিতে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে পুলিশ। অভিযানে আটটি ড্রামে রাখা মোট ১ হাজার ৩৬০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
বুধবার (১ এপ্রিল) বিকেলে রামগতি পৌরসভার আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্রসংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খালের ভেতরে সন্দেহজনকভাবে রাখা ড্রামগুলোর খোঁজ পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে আটটি ড্রামে সংরক্ষিত ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা।
বিএনিসি (BNC)-এর অনুসন্ধানে দেখা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগ রয়েছে। স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চক্র এ কাজে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বাংলা নিউজ সেন্টারকে জানান, চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এসব জ্বালানি তেল মজুত করা হয়েছিল। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, জব্দ করা জ্বালানি তেল থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
