কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশীতে ছাত্রদল নেতার ওপর হামলা হাতুড়ি রড ও লাঠিতে গুরুতর আহত
কয়রা প্রতিনিধি | Bnc News
খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে ছাত্রদল নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম ইমন।
পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ বেদকাশী জামায়াতের রুকন গণি সরদার এর ছেলেরা ও তাদের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি হাতুড়ি, রড ও লাঠি নিয়ে ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এলাকায় কোনো হাসপাতাল না থাকায় তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে এবং হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পরিবারের দাবি, খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পির নির্বাচনী প্রচারণা চালানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, ওই আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকেই প্রতিপক্ষের প্রতি ক্ষোভ ও উত্তেজনা চলমান ছিল, যার ধারাবাহিকতায় এই হামলা ঘটে। তারা আরও জানান, মনিরুল ইসলাম বাপ্পি ওই নির্বাচনে পরাজিত হন এবং জামায়াত প্রার্থী বিজয়ী হন।
ভুক্তভোগীর পরিবার খুলনা জেলা প্রশাসক ও বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পির নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত গণি সরদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন