চট্টগ্রাম ০৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পুত্রদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: সিআইডি

নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

চট্টগ্রাম-০৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দুই পুত্রের বিরুদ্ধে দায়ের করা একটি  মামলার অভিযোগ সিআইডির তদন্তে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৮ আগস্ট ফারজানা আন্না ইসলাম ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এতে তিনি সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দুই পুত্রসহ ১১ জনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উত্থাপন করেন।

পরবর্তীতে আদালত ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে নির্দেশ প্রদান করে। তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনে সিআইডি উল্লেখ করে, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিএনিসি (BNC)-এর অনুসন্ধানে দেখা গেছে, অভিযোগকারীর স্বামী মৃত মাঈনুল ইসলাম ২০০৬ সালে তার পরিচিত রিয়েল এস্টেট ব্যবসায়ী শামসুল আলামিনের মালিকানাধীন একটি ভবনের নির্মাণকাজ মৌখিক চুক্তির ভিত্তিতে সম্পন্ন করেন এবং ২০০৭ সালের ১৯ ডিসেম্বর কাজ বুঝিয়ে দেন। পরবর্তীতে ২০০৮ সালের ২৪ মার্চ তার মৃত্যু হয়।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ভবনের মালিক শফিকুল হাসান রাজউকের অনুমোদনক্রমে ২০১৩ সালের ১৭ জানুয়ারি সাব-কবলা দলিলের মাধ্যমে ভবনের দ্বিতীয় তলা (এক কাঠা জমিসহ) সামির কাদের চৌধুরীর নিকট বিক্রি করেন। সাব-রেজিস্ট্রি অফিসের দালিলিক নথি যাচাই করে এ তথ্যের সত্যতা নিশ্চিত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সামির কাদের চৌধুরী ও সাকের কাদের চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, অবৈধ দখল, ভাঙচুর বা মারধরের কোনো অভিযোগের প্রমাণ মেলেনি।

এ বিষয়ে সাকের কাদের চৌধুরী বাংলা নিউজ সেন্টারকে জানান, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ এনে তাদের হয়রানির চেষ্টা করেছে। তিনি বলেন, আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখেই তারা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন এবং তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post
×