খুলনা প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)
খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকায় চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে গিয়ে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো রোগী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়া থেকে আশপাশের এলাকা রক্ষা পায়।
অ্যাম্বুলেন্স চালক মোল্লা সোহাগ বাংলা নিউজ সেন্টারকে জানান, তিনি আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড়ে যান এবং সেখান থেকে অফিসের উদ্দেশে ফেরার পথে শিববাড়ি মোড়ে এসে গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় তিনি বাম দিকে তাকিয়ে আগুনের তাপ অনুভব করেন এবং মুহূর্তেই আগুন পেছন দিক থেকে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, আগুনের তাপে তার মাথার পেছনের কিছু চুল পুড়ে যায়। দ্রুত পরিস্থিতি বুঝে তিনি গাড়ি থেকে নেমে যান এবং অফিসে ফোন করে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার মো. হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
