খুলনার কয়রায় কাশির খালের গোড়ায় অবস্থিত ৬নং স্লুইস গেট ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। কয়রা সদর ও উত্তর বেদকাশী ইউনিয়নের সীমানায় থাকা গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি বর্তমানে স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিএনিসি (BNC)-এর অনুসন্ধানে দেখা গেছে, স্লুইস গেটটির পূর্ব পাশে শাকবাড়িয়া নদীর পানি জোয়ার-ভাটার সময় গেটের বাইরের অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে মূল কাঠামো দুর্বল হয়ে পড়ছে এবং ধসে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে কয়েকবার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা ছিল অস্থায়ী। মেরামতের কিছুদিন পরই আবার আগের মতো পানি প্রবাহ শুরু হয়, ফলে সমস্যার স্থায়ী সমাধান হয়নি। একজন স্থানীয় বাসিন্দা বাংলা নিউজ সেন্টারকে জানান, “প্রতিবারই কিছুদিনের জন্য কাজ করা হয়, কিন্তু পরে আবার একই অবস্থা তৈরি হয়।”
এদিকে স্লুইস গেটের ওপর দিয়ে চলাচলকারী সড়কটিও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ও টেকসই সংস্কার কাজ হাতে না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
