ফরিদপুর সদরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মা-মেয়েসহ তিনজনকে হত্যা
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মা-মেয়েসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন অভিযুক্তের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। এ ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (৪০) এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি ফরিদপুর যক্ষা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি প্রথমে নিজের দাদি ও ফুপুকে কোদাল দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে বাধা দিতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও পিটিয়ে হত্যা করা হয়।
আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ Bnc News-কে জানান, রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বলেন, আকাশ দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। এ কারণে তার বিয়ে দেওয়া হয়নি। কখনো তিনি স্বাভাবিক আচরণ করতেন, আবার কখনো অসংলগ্ন হয়ে পড়তেন এবং চাকরিতেও অনিয়মিত ছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম Bnc News-কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত আকাশ মোল্লা বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি Bnc News-কে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন