শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

লোডশেডিংয়ের কবলে স্থবির ভূঞাপুর: তীব্র গরমে জনদুর্ভোগ চরমে

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি |  মোস্তফা রহমান হৃদয়

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। গত কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনে-রাতে গড়ে ৮ থেকে ১০ বার লোডশেডিং হচ্ছে। একবার বিদ্যুৎ গেলে তা ফিরতে কখনো ঘণ্টা পেরিয়ে যাচ্ছে, আবার কখনো আধা ঘণ্টার ব্যবধানেই বিদ্যুৎ চলে যাচ্ছে। তীব্র দাবদাহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়েছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, "প্রচণ্ড গরমে দিনের বেলা তো বটেই, রাতের বেলাও ঘুমানোর কোনো উপায় নেই। এই অসহনীয় পরিস্থিতিতে সাধারণ মানুষ দিশেহারা।"

লোডশেডিংয়ের প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও শিক্ষা খাতেও। ব্যবসায়ীরা জানান, বিশেষ করে মাছ ও মাংস বিক্রেতারা পড়েছেন বড় বিপাকে। নিয়মিত বিদ্যুৎ না থাকায় ফ্রিজের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না, ফলে পচনশীল পণ্য নষ্ট হয়ে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

অন্যদিকে, সামনে পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। রাতের দীর্ঘ সময় অন্ধকারে কাটানোয় তারা পাঠ প্রস্তুতি নিতে পারছে না। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কোনো পূর্বঘোষণা বা সিডিউল ছাড়াই এই লোডশেডিং চলছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে ভূঞাপুরের এই বিদ্যুৎ সংকট নিরসনে কর্তৃপক্ষ যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে  আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন