সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া শিকারে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (সকাল ১০টার দিকে) কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখে এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, সকালে আতিয়ার রহমানসহ কয়েকজন জেলে সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি সশস্ত্র দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গে থাকা অন্যান্য জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক Bnc News-কে জানান, দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান তাদের অফিসে আসেন। পরে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং বিষয়টি থানা পুলিশ ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান Bnc News-কে বলেন, বনদস্যু নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। এ ঘটনায় যৌথ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আহত জেলের খোঁজখবর নিতে পুলিশ হাসপাতালে গেছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন