নিজস্ব প্রতিনিধি | Bnc News
চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী তিনটি জাহাজ ভিড়েছে এবং সেগুলো থেকে বর্তমানে তেল খালাস কার্যক্রম চলছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ও রাতে সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে জাহাজ তিনটি বন্দরে পৌঁছায়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, তিনটি জাহাজের মধ্যে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের জাহাজটি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা ১১ হাজার টন জেট ফুয়েল বহন করছে। এছাড়া ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে প্রায় ৩২ হাজার টন ডিজেল এসেছে, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। অপরদিকে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে রয়েছে প্রায় ৩৪ হাজার টন ডিজেল, যার সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণ-সংযোগ) ফারজিন হাসান মৌমিতা Bnc News-কে জানান, সিঙ্গাপুর থেকে আসা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি মঙ্গলবার সকাল ৮টার দিকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরের জেটিতে পৌঁছায় এবং এরপরই খালাস কার্যক্রম শুরু হয়।
তিনি আরও বলেন, একই দিনে রাতে ৬৬ হাজার টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে আসে। এর মধ্যে একটি জাহাজে ৩২ হাজার টন এবং অন্যটিতে ৩৪ হাজার টন ডিজেল রয়েছে। বর্তমানে তিনটি জাহাজ থেকেই তেল খালাসের কাজ চলমান রয়েছে।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা পূরণে মাসজুড়ে একাধিক চালান আমদানির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
