আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।
এছাড়া স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক জীবনের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন এই প্রবীণ রাজনীতিক।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিভিন্ন সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও মুক্তিযুদ্ধের অবদানের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ ছিলেন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন