ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার ২২ মে বিকেল সোয়া ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এর আগে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তুলে ধরেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর বের হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়। প্রথমে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, হামলায় অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তাকে লক্ষ্য করেও কিলঘুষি মারা হয়েছে বলে দাবি করেন তিনি।
Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। এদিকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনসিপি নেতাকর্মীরা।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন