শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

আট সিটিতে জামায়াতের একক মেয়র প্রার্থী চূড়ান্ত, খুলনায় মাহফুজুর রহমান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের আটটি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। এরই মধ্যে মনোনীতদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দীর্ঘ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক কার্যক্রম, জাতীয় রাজনীতি এবং সংসদীয় বিষয় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, বৈঠকে ২০২৫ সালের সাংগঠনিক প্রতিবেদন মূল্যায়ন করা হয় এবং দেশব্যাপী দলীয় জনশক্তি বৃদ্ধির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, চট্টগ্রামে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, খুলনায় মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, রংপুরে এটিএম আজম খান, নারায়ণগঞ্জে আবদুল জব্বার এবং গাজীপুরে হাফিজুর রহমানকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের জন্য মনোনীত অধ্যাপক মাহফুজুর রহমান এর আগে খুলনা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। একইভাবে অন্যান্য মনোনীত প্রার্থীদের অধিকাংশই পূর্বে সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার ব্যবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের Bnc News কে জানান, কেন্দ্রীয় মজলিসে শূরার আসন্ন অধিবেশনের আগে সাংগঠনিক প্রতিবেদন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। এ বিষয়ে দলের আমির প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

দলীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন, রাজনৈতিক সহিংসতা, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, ১১ দলীয় ঐক্যের কর্মসূচি এবং অন্যান্য জাতীয় বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এছাড়া আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন