প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ভূঞাপুরে ধসে পড়েছে গ্রামীণ সড়ক, ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।
প্রকাশঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি মধ্যপাড়া গ্রামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এই বেহাল দশা থাকলেও তা সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, সিরাজকান্দি মধ্যপাড়া গ্রামের জহিরুলের দোকানের সামনের এই সড়কটি মাঝখান থেকে ভেঙে সম্পূর্ণ ধসে পড়েছে। ফলে এই রাস্তা দিয়ে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনকি সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাও চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি ধসে যাওয়ার পর দীর্ঘদিন পার হলেও কোনো সরকারি বা স্থানীয় তহবিল থেকে এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে নিরুপায় হয়ে এলাকাবাসী ও স্থানীয় যুবসমাজ নিজেদের উদ্যোগে সামান্য কিছু মাটি ও ইট-পাথরের খোয়া ফেলে গর্তটি ভরাট করে কোনোমতে যাতায়াত করছেন। তবে এই অস্থায়ী ব্যবস্থা যেকোনো সময় সামান্য বৃষ্টি হলে আবারও ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর দাবি, এটি সিরাজকান্দি মধ্যপাড়া গ্রামের একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তাটির এই অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী এলাকাবাসী নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং টাঙ্গাইল ২ গোপালপুর, ভূঞাপুর এর এমপি মহোদয় জনাব মোঃ এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা অবিলম্বে এই ধসে যাওয়া স্থানে একটি টেকসই কালভার্ট বা গাইড ওয়াল নির্মাণ করে রাস্তাটি দ্রুত সম্পূর্ণ সংস্কার করার জোর দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন