পশ্চিমবঙ্গে সরকার গঠনে এগিয়ে বিজেপি, গণনায় টানটান উত্তেজনা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের হিসাবে দলটি ১৮৭টি আসনে লিড নিয়েছে, যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৪টি আসনে। ভারতীয় সংবাদমাধ্যমের সর্বশেষ আপডেটের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কংগ্রেস ও বাম জোট উভয়ই একটি করে আসনে এগিয়ে রয়েছে। তবে ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যানে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে, যেখানে বিজেপি ১০৪টি এবং তৃণমূল কংগ্রেস ৬০টি আসনে এগিয়ে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪টি। এর মধ্যে আজ ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। ফলতা আসনের নির্বাচন স্থগিত থাকায় আগামী ২১ মে সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যজুড়ে ভোট গণনা শুরু হয়। মোট ৭৭টি কেন্দ্রে এই গণনা কার্যক্রম চলছে। শুরুতে পোস্টাল ব্যালট গণনা করা হয়, এরপর ইভিএম ভোট গণনা শুরু হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিনের প্রথম ভাগেই ভোটের একটি স্পষ্ট প্রবণতা সামনে আসতে পারে। যদিও কিছু কিছু আসনের গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।
এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফা হয় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয় এমন জেলাগুলোতে, যেগুলোকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গে, যা তৃণমূল কংগ্রেসের শক্তিশালী এলাকা হিসেবে পরিচিত।
একই দিনে ভারতের অন্যান্য রাজ্য যেমন আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আসামে ১২৬টি, কেরালায় ১৪০টি, তামিলনাড়ুতে ২৩৪টি এবং পুদুচেরিতে ৩০টি আসনের ফলাফল ঘোষণা করা হবে।
পশ্চিমবঙ্গের জনগণ শেষ পর্যন্ত কাকে শাসনভার দিচ্ছেন, তা চূড়ান্তভাবে নির্ধারিত হবে গণনা শেষে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন