আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা
আমিরাতের আবুধাবি মিডিয়া অফিস জানায়, আল ধাফরা অঞ্চলে অবস্থিত পারমাণবিক কেন্দ্রটির মূল সীমানার বাইরের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায়। পরে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, হামলার পর কেন্দ্রটির নিরাপত্তা ও তেজস্ক্রিয়তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হলেও কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎকেন্দ্রের মূল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।
আমিরাতের পারমাণবিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন (এফএএনআর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের ঘটনায় কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা অক্ষত রয়েছে এবং তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক আছে। বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট আগের মতোই সচল রয়েছে এবং নিয়মিত বিদ্যুৎ উৎপাদন অব্যাহত আছে।
তবে উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। আমিরাত সরকারও কোনো দেশ বা গোষ্ঠীকে সরাসরি অভিযুক্ত করেনি।
এদিকে ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, হামলার কারণে কেন্দ্রটির একটি রিঅ্যাক্টর সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের সহায়তায় পরিচালিত হয়েছে। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য হতে পারে না।
দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২০ সালে চালু হয়। এটি আরব উপদ্বীপের প্রথম ও একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। চারটি চুল্লিবিশিষ্ট এই সংবেদনশীল স্থাপনাটি আবুধাবির পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে সৌদি আরব সীমান্তের কাছে অবস্থিত।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন