সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি নিয়ে হাইকোর্টের বিস্ময়, আদালত অবমাননার অভিযোগের প্রস্তুতি
ঢাকা: আপিল বিভাগে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়টি উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষের উদ্দেশে জানতে চান, এটি কীভাবে সম্ভব হলো।
সংশ্লিষ্ট রিটের আইনজীবী শিশির মনির আদালতে বলেন, আপিল নিষ্পত্তির আগেই সচিবালয়ের কার্যক্রম বন্ধ করে সরকার আদালত অবমাননা করেছে। তিনি জানান, এ ঘটনায় আগামীকাল সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে।
তিনি আরও বলেন, বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এমন সিদ্ধান্ত দেশের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলেছে। তিনি Bnc News-কে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও আদালতের নির্দেশনার প্রতি সম্মান বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব।
এর আগে মঙ্গলবার আইন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে সেখানে দায়িত্ব পালন করা ১৫ জন বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার অংশ হিসেবে ২০২৫ সালে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে বিএনপি সরকার সেই অধ্যাদেশ বাতিল করে দেয়।
তবে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত হাইকোর্টের রায়ে তিন মাসের মধ্যে সচিবালয় গঠনের নির্দেশনা ছিল। পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত আপিল দায়ের হয়নি।
এদিকে, চূড়ান্ত নিষ্পত্তির আগে সচিবালয়ের কার্যক্রম চালু রাখার বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেছেন হাইকোর্ট।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন