শিরোনাম ::
শিরোনাম ::

সুন্দরবনে কাঁকড়া শিকারি নিহতের ঘটনায় ফরেস্ট অফিসে হামলা, আহত ৫

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে কাঁকড়া শিকারি নিহতের ঘটনাকে কেন্দ্র করে বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) বিকেলে কয়েকশ বিক্ষুব্ধ মানুষ ফরেস্ট অফিসে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ও স্থাপনা ভাঙচুর করে। এ ঘটনায় বনবিভাগের অন্তত পাঁচ কর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও Bnc News-এর অনুসন্ধানে জানা গেছে, বিকেলে উত্তেজিত জনতা ফরেস্ট অফিসে প্রবেশ করে গ্রীল, থাই গ্লাস, চেয়ার-টেবিল এবং দুটি এসি ভাঙচুর করে। এসময় হামলার মুখে পড়ে বনবিভাগের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ (৫৫), বনরক্ষী মো. মেজবাউল ইসলাম (৪৫), ফায়জুর রহমান (৪০), আজাদুল ইসলাম (৪২) এবং স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান (২৭)। আহতদের প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম Bnc News-কে জানান, সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বনবিভাগের কিছু সদস্যের হয়রানির শিকার হচ্ছেন। তিনি কাঁকড়া শিকারি আমিনুর রহমানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান Bnc News কে বলেন, বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

জানা গেছে, তিন দিন আগে বনবিভাগের অনুমতিপত্র নিয়ে দুটি নৌকায় করে আমিনুর রহমান গাজীসহ চারজন বনজীবী সুন্দরবনে কাঁকড়া শিকারে যান। সোমবার সকালে খুলনা রেঞ্জের পাটকোষ্টার ঝিল অভয়ারণ্য এলাকায় তারা নৌকায় অবস্থান করছিলেন। সকাল ৭টার দিকে টহলফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের একটি টহল দল তাদের ডাক দেয়। অভিযোগ রয়েছে, জেলেদের সাড়া দিতে দেরি হওয়ায় টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আমিনুর রহমান নিহত হন।

পরে দুপুরে নিহতের মরদেহ গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে পৌঁছালে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে বিকেলে বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন