সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় গ্রেফতার না দেখানোর নির্দেশ স্থগিত চেয়ে আপিল
ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র -কে সুনির্দিষ্ট মামলা ছাড়া নতুন করে গ্রেফতার না দেখানোর বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার ১৯ মে বিষয়টি নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। তিনি Bnc News-কে জানান, হাইকোর্টের নির্দেশনা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জমা দিয়েছে।
জানা গেছে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ সেই জামিনের কার্যকারিতা স্থগিত করেন।
পরবর্তীতে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হলে সেসব মামলায়ও আদালত জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর ওই জামিনের কার্যকারিতাও স্থগিত করা হয়। পরে আপিল বিভাগ ১০টি মামলায় দেওয়া জামিন বহাল রাখেন।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
পরে ওই গ্রেফতার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। একইসঙ্গে, সুনির্দিষ্ট মামলা ছাড়া আইভীকে নতুন করে গ্রেফতার না দেখাতে এবং হয়রানি না করার নির্দেশ দেন আদালত।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে আইভীকে ঘিরে একাধিক মামলার কার্যক্রম এবং জামিন সংক্রান্ত আইনি জটিলতা নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। হাইকোর্টের সেই নির্দেশ স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন