বিশ্বকাপ ঘিরে বাড়ছে উত্তেজনা ৩০ দিন পরই শুরু ফুটবল বিশ্বযুদ্ধ
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ফুটবলের। ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসর চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বকাপ শুরুর আর মাত্র ৩০ দিন বাকি থাকায় ইতোমধ্যে শুরু হয়েছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহর গোনা।
ফিফা প্রতিদিন বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য প্রকাশ করে বিশ্বকাপের ক্ষণগণনা চালিয়ে যাচ্ছে। বিশ্বকাপ ইতিহাসের নানা পরিসংখ্যানও সামনে আসছে নতুন করে। Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, বিশ্বকাপের ২২টি আসরের মধ্যে মোট ৩৮টি দল কোনো ম্যাচে না হেরে টুর্নামেন্ট শেষ করেছিল। এর মধ্যে ১৭ বার অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে বিভিন্ন দল।
তবে ইতিহাসে এমন ঘটনাও রয়েছে, যেখানে শিরোপাজয়ী দল টুর্নামেন্টে হার দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু বা শেষ করেছে। ১৯৫৪ সালে পশ্চিম জার্মানি হাঙ্গেরির কাছে ৮-৩ গোলে হেরেও শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতে। আবার ১৯৭৪ সালে পূর্ব জার্মানির কাছে ১-০ গোলে হারের পরও শিরোপা জিতে নেয় তারা।
এছাড়া ১৯৭৮ সালে ইতালির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। তবুও শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। ২০২২ সালে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গিয়েও শিরোপা জয়ের আনন্দে মাতে আর্জেন্টিনা। একইভাবে ২০১০ সালে স্পেন প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আগে সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল।
বিশ্বকাপ ইতিহাসে চারটি দল কোনো ম্যাচ না হারিয়েও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। দলগুলো হলো ১৯৭৪ সালের স্কটল্যান্ড, ১৯৮২ সালের ক্যামেরুন, ১৯৯৮ সালের বেলজিয়াম এবং ২০১০ সালের নিউজিল্যান্ড। এর মধ্যে স্কটল্যান্ডই একমাত্র দল যারা একটি ম্যাচ জিতেও পরের রাউন্ডে উঠতে পারেনি।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ ছিল সবচেয়ে বেশি অপরাজিত দল নিয়ে শেষ হওয়া আসর। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ড কোনো ম্যাচ না হেরে টুর্নামেন্ট শেষ করেছিল। বিশেষ করে সুইজারল্যান্ড বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল না খেয়েই আসর শেষ করার রেকর্ড গড়ে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন