মে দিবস: শ্রমিকের অধিকার ও ন্যায্য মজুরির অঙ্গীকার
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। দিবসটি উপলক্ষে দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প, কৃষি ও নির্মাণসহ প্রতিটি খাতে শ্রমিকদের নিরলস পরিশ্রম অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শ্রমিক-মালিকের সুসম্পর্ক এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বাংলাদেশ একটি শ্রমিকবান্ধব ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে। এছাড়া প্রবাসী শ্রমিকদের আর্থিক সুরক্ষা জোরদার করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ঐতিহাসিকভাবে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। সে সময় পুলিশের গুলিতে প্রাণ হারান বহু শ্রমিক, যা বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই শ্রমিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন