সুন্দরবনে জেলে নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, উত্তেজনা উপকূলে
নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা। তার পরিবারের অভিযোগ, বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনের নদী ও খালে মাছ ও কাঁকড়া শিকার করতে গেলেও বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা নিয়মিত জেলেদের কাছ থেকে অর্থ আদায় করতেন। এ নিয়ে আগে থেকেই আমিনুর রহমানের সঙ্গে বন বিভাগের সংশ্লিষ্টদের বিরোধ চলছিল।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, গত ১৮ মে সকালে কয়রার পাতকোষ্টা এলাকার বেশো খালে মাছ ধরার সময় বন বিভাগের একটি টহল দল সেখানে পৌঁছায়। নিহতের স্বজনদের দাবি, এ সময় আমিনুর রহমানের কাছে টাকা দাবি করা হয়। তিনি রাজি না হলে তাকে হুমকি ও গালিগালাজ করা হয়। পরে একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নৌকাতেই লুটিয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের ভাতিজা অলিউল্যাহ বাদী হয়ে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন, পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামীম রেজাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
কয়রা থানার ওসি মো. শাহ আলম Bnc News কে জানান, ঘটনাস্থল থানার আওতাধীন হওয়ায় নিহতের স্বজনরা এসে মামলা দায়ের করেছেন। মামলাটি গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বন বিভাগের কর্মকর্তা মোবারক হোসেন। তিনি Bnc News-কে বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গুলি করার যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।
বন বিভাগের দাবি, ঘটনাস্থলটি ছিল সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা। সেখানে ১৫ থেকে ২২ মে পর্যন্ত বিশেষ স্মার্ট টহল কার্যক্রম চলছিল। এর আগে ওই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি নৌকাও জব্দ করা হয় বলে জানিয়েছে বিভাগটি।
অন্যদিকে বনরক্ষীদের ওপর হামলার অভিযোগ এনে বন বিভাগের পক্ষ থেকেও আরেকটি মামলা করা হয়েছে। বন বিভাগের শরবতখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানিয়েছেন, জেলের মৃত্যুর ঘটনা তদন্তে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন