ভারত বাংলাদেশিদের ‘জামাই আদর’ করবে না: কড়া বার্তা শুভেন্দু অধিকারীর
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভারতে অবস্থান করা কথিত অবৈধ বাংলাদেশিদের আর কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়া হবে না। তিনি জানান, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আটক ব্যক্তিদের জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুলসংখ্যক কথিত অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছেন।
শুভেন্দু অধিকারী বলেন, দেশের অর্থ ব্যয় করে তাদের খাবার, চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার ভাষ্য অনুযায়ী, এসব অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এতদিন ভোট ব্যাংকের রাজনীতির কারণে বিদ্যমান আইন কার্যকর করা হয়নি।
সাংবাদিকদের সামনে হিন্দিতে তিনি বলেন, দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অংশ আর কাউকে ভাগ করে দেওয়া হবে না।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, পশ্চিমবঙ্গে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটকের বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় রাজ্যের বিভিন্ন জেলায় আটক শিবির বা হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ভারতের বিভিন্ন রাজ্যেও একই ধরনের আটক শিবির নির্মাণের খবর প্রকাশিত হয়। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবারই প্রথম এ ধরনের উদ্যোগ প্রকাশ্যে সামনে আসে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ প্রশাসন সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন