বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভূঞাপুরে আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজ, সব দলের সমর্থকদের উন্মুক্ত আমন্ত্রণ
টাঙ্গাইল প্রতিনিধি | Bnc News
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে ব্যতিক্রমী এক আয়োজন করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকরা। খাসি ভোজের এই আয়োজনকে কেন্দ্র করে এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, এই আয়োজন শুধুমাত্র আর্জেন্টিনা সমর্থকদের জন্য নয়। স্পেন, আর্জেন্টিনা কিংবা অন্য যে কোনো দলের সমর্থকসহ এলাকার সর্বস্তরের মানুষকে একসঙ্গে বসে খাবার গ্রহণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করার জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।
স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের ভাষ্য, খেলাকে ঘিরে বিভেদ নয়, বরং পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। তাদের বিশ্বাস, এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেবে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা সম্ভব হবে। একই সঙ্গে তারা ফাইনালে আর্জেন্টিনার জয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
আয়োজক শহিদুল ইসলাম, আছুরউদ্দিন ও খালেক Bnc News-কে বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা মানুষকে একত্রিত করে। সমর্থন ভিন্ন হতে পারে, কিন্তু সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকা উচিত। সে চিন্তা থেকেই আমরা সব দলের সমর্থকদের একই আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছি।”
তারা আরও বলেন, “ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে সেই আনন্দ আমরা মানবতা এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতির বার্তা হিসেবে উদযাপন করতে চাই।”
এদিকে স্থানীয় বিভিন্ন দলের সমর্থকরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ফুটবল আনন্দ ও বিনোদনের খেলা। দল আলাদা হলেও পারস্পরিক সম্মান, বন্ধুত্ব ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে সবাই মিলে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করাই হওয়া উচিত।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন