শিরোনাম ::
শিরোনাম ::

পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার সনাতনীদের রাস উৎসব

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

কলাপাড়া প্রতিনিধি | Bnc News

পটুয়াখালীর কুয়াকাটায় গঙ্গাস্নান ও পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। জাগতিক সব পাপ থেকে মুক্তি পাওয়ার আশায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় হাজারো পুণ্যার্থী সমুদ্রের নোনা জলে অবগাহন করেন।

স্নানের আগের মুহূর্তে সমুদ্রের জলে ফুল, বেলপাতা, ডাব, কলা, সিঁদুর ও মোমবাতি অর্পণ করেন নারী ভক্তরা। এ সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা এবং নানা মানত পূরণের উদ্দেশ্যে অনেকে পিণ্ডদান ও মাথা ন্যাড়া করার মতো আচার সম্পন্ন করেন।

ভক্তদের উলুধ্বনি ও পবিত্র মন্ত্র পাঠে এ সময় পুরো কুয়াকাটা সৈকত এলাকা মুখরিত হয়ে ওঠে। পুণ্যস্নান শেষে পূজারীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শনের সৌভাগ্য অর্জন করেন।

মূল আনুষ্ঠানিকতার আগে সোমবার সারারাত মন্দিরে চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন এবং বিশেষ পূজা অর্চনা। কুয়াকাটায় মূল উৎসবের সমাপ্তি ঘটলেও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে এই ধর্মীয় উৎসব আরও তিন দিন অব্যাহত থাকবে।

উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটায় থানা পুলিশ, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান জানান, পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি থাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মানবতা রক্ষার জন্য দ্বাপর যুগে কংস রাজাকে বধ করার পর পূর্ণিমা তিথিতে রাধা ও কৃষ্ণের মিলন ঘটেছিল। সেই পৌরাণিক পটভূমি থেকেই এই উৎসবের সূচনা হয়েছে।

সত্য ও সুন্দরের বিজয়ের কামনায় প্রায় আড়াই শ বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় এই রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।




সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন