ভাঙতে বসেছে স্বাস্থ্য জনবলের কাঠামো: প্রতিমন্ত্রী মুহিত
নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)
দেশের চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। গত বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে আয়োজিত এক কর্মশালায় তিনি জানান, চিকিৎসক ও নার্সের অনুপাতে চরম ভারসাম্যহীনতা দেখা দেওয়ায় সামগ্রিক স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে।
‘২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য জনবলের চাহিদার প্রক্ষেপণ’ শীর্ষক এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মুহিত উল্লেখ করেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগশিপ কর্মসূচি সফল করতে হলে অতিরিক্ত ২০ হাজার চিকিৎসক এবং ৬০ হাজার নার্সের জরুরি প্রয়োজন রয়েছে। বর্তমানে কাঠামোগত এই ঘাটতির কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের ওপর অতিরিক্ত কাজের চাপ বাড়ছে বলেও তিনি সতর্ক করেন।
চিকিৎসক ও নার্সের সংখ্যার ব্যবধান তুলে ধরে তিনি বলেন, একটি মানসম্মত স্বাস্থ্যব্যবস্থায় প্রতি জন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও বাংলাদেশে প্রায় ১ লাখ ৬ হাজার চিকিৎসকের বিপরীতে নার্স ও মিডওয়াইফ রয়েছে মাত্র ১ লাখ ৯ হাজার। এর ফলে স্বাস্থ্য খাতের জনবল কাঠামো স্বাভাবিক পিরামিডের আকৃতি হারিয়ে সিলিন্ডারে রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নতুন পদ সৃজনে আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে নতুন পদের প্রস্তাব করা হলে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় পরিচালন ব্যয় বৃদ্ধির অজুহাত দেখিয়ে তা কাটছাঁট করে। অথচ বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতের বাজেটের প্রায় ৬০ শতাংশই বেতন-ভাতা খাতে ব্যয় হয় বলে উল্লেখ করে তিনি নীতিনির্ধারকদের মানসিকতা বদলানোর তাগিদ দেন।
চিকিৎসকদের কর্মসংস্থান প্রসারে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি ও পারিবারিক চিকিৎসা মডেলকে উৎসাহিত করার পক্ষে মত দেন ড. মুহিত। পাশাপাশি, মেডিকেল কলেজগুলোতে মৌলিক বিজ্ঞানের শিক্ষকের সংকট দ্রুত দূর না করলে ভবিষ্যতে কাঙ্ক্ষিত হারে চিকিৎসক তৈরি করা সম্ভব হবে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রচলন বাড়লে চিকিৎসকদের গতানুগতিক কাজের চাপ ও সময় উভয়ই বাঁচবে। এছাড়া হাসপাতাল ও মেডিকেল কলেজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ ‘স্বাস্থ্য ব্যবস্থাপক’ তৈরি করার ওপরও বিশেষ জোর দেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ডব্লিউএইচওর পরামর্শক ড. মো. নূরনবী শেখ। এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশিদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. রাজেশ নারওয়াল এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
একটি মন্তব্য পোস্ট করুন