সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেন সংকটে প্রাণ গেল দুইজনের
কালিগঞ্জ প্রতিনিধি | Bnc News
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি নতুন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ খোলার সময় বিষাক্ত গ্যাস ও অক্সিজেন সংকটে পড়ে স্কুলছাত্রসহ দুজন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের সরদারপাড়ায়। আকস্মিক এই প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের মধ্যে একজন পেশাদার রাজমিস্ত্রি মহানন্দ সরকার (২৫), যিনি বরেয়া গ্রামের সোনা সরদারের ছেলে। অন্যজন স্থানীয় বরেয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (১৫), তার বাড়িও একই এলাকার মনিপাড়ায়।
গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেয়া গ্রামের এরশাদ আলীর ছেলে গোলাম হোসেন, যিনি তারালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, কিছুদিন আগে স্থানীয় বাসিন্দা হাতেম আলী সরদার নিজ বাড়িতে ওই নতুন সেপটিক ট্যাঙ্কিটি নির্মাণ করেছিলেন। মঙ্গলবার দুপুরে রাজমিস্ত্রি মহানন্দ ট্যাংকের ভেতরের সাটারিং বা সেন্টারিংয়ের তক্তা সরাতে ভেতরে প্রবেশ করেন।
তার দেখাদেখি কিশোর ছাত্র আরাফাতও ট্যাংকের ভেতরে নেমে পড়ে। কিন্তু ভেতরে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় এবং ক্ষতিকর গ্যাসের কারণে কিছুক্ষণের মধ্যেই তারা দুজন গুরুতর অসুস্থ হয়ে ভেতরেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।
অনেকক্ষণ ধরে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম হোসেন তাদের উদ্ধারে এগিয়ে আসেন এবং ট্যাংকে নামার চেষ্টা করেন। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনিও দ্রুত অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং গোলাম হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
একটি মন্তব্য পোস্ট করুন