শিরোনাম ::
শিরোনাম ::

পিকআপের চাপায় প্রাণ গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থীর

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

গোপালগঞ্জ সদর প্রতিনিধি | Bnc News

গোপালগঞ্জ সদর উপজেলায় মুরগিবোঝাই একটি পিকআপের নিচে চাপা পড়ে শিবা বিশ্বাস (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে ওই দিন সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিবা বিশ্বাস সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের ধীমান বিশ্বাসের সন্তান। সে স্থানীয় টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাতপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া।

স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে একটি মোটরসাইকেলে চড়ে পাটকেলবাড়ির লিংক রোড থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে ওঠার চেষ্টা করছিল শিবা। এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা খুলনাগামী মুরগিবোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা ও চাপা দেয়।

এই ভয়াবহ দুর্ঘটনায় কিশোর শিবার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে মারাত্মক জখম হয়। দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করেন।

প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার পর ঘাতক পিকআপটিকে আটক করতে সক্ষম হয়েছেন স্থানীয়রা। পুলিশ গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছে।




সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন