আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)
দেশের প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়ন, নিরাপদ আমিষের জোগান বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির মহৎ উদ্দেশ্য নিয়ে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার এই বিশেষ আয়োজন সম্পন্ন করা হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমকে জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবরা।
মন্ত্রী জানান, আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অর্থাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন এলাকায় এই প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামীকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রাণিসম্পদ সপ্তাহ ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এই খাতের উন্নয়নে অসামান্য অবদান রাখা সেরা খামারি ও উদ্ভাবকদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেবেন।
সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা, পুষ্টির চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতি সচলে এই খাত বিরাট ভূমিকা রাখছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ১.৮১ শতাংশ এবং বর্তমান বাজার আকার প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা।
উৎপাদনের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, আলোচ্য অর্থবছরে দেশে ১৫৭.৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০.৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি পিস ডিম উৎপাদিত হয়েছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন আন্তর্জাতিক বাজারেও এই খাতের পণ্যের অপার সম্ভাবনা তৈরি হয়েছে।
তিন দিনব্যাপী এই মেলায় বিভিন্ন গবেষণা সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং খামারিরা তাদের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করবেন। এছাড়া, খাতের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩টি ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রদান করা হবে, যার মধ্যে রয়েছে ৮টি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
একটি মন্তব্য পোস্ট করুন