থানায় আগুন দিয়ে উল্লাস, নগরকান্দায় গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী
নগরকান্দা প্রতিনিধি | Bnc News
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে উল্লাস প্রকাশ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক জয়নাল মুন্সী নগরকান্দার চরযশোরদী গ্রামের বাসিন্দা হলেও মুকসুদপুর উপজেলা সদরেও তাদের একটি বসতবাড়ি রয়েছে। সোমবার দুপুরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার পুরাপাড়া এলাকায় প্রায় এক মাস আগে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি মামলায় জয়নাল এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলার সূত্র ধরে রোববার রাত আনুমানিক দুইটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়।
আটকের পর জয়নালের মুঠোফোন তল্লাশি করে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। সেখানে গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় চালানো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার সক্রিয় সম্পৃক্ততার প্রমাণ মেলে। এমনকি ওই ধ্বংসযজ্ঞের দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে তিনি উল্লাস প্রকাশ করেছিলেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ জানান, নগরকান্দা থানার মামলায় জয়নাল মুন্সীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, মুকসুদপুর থানায় হামলার ঘটনায় এখনও মামলা করা যায়নি। থানার অভ্যন্তরীণ অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। তবে দ্রুতই পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হবে। নগরকান্দায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে থানা ভাঙচুরের অভিযোগের বিষয়টিও তারা অবগত হয়েছেন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
একটি মন্তব্য পোস্ট করুন