ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ফেরত দিতে সম্মত ভারত

নিজস্ব প্রতিনিধি | Bnc News 

ঢাকা: জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী শহিদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নয়াদিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় হয়।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশ প্রতিনিধি দল।

বৈঠক শেষে খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

তিনি শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারে ভারত সরকারের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় দেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেফতার ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে।

এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।

আলোচনায় ভারতের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করা হবে।

একই সঙ্গে বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত রাখায় ভারতকে ধন্যবাদ জানিয়ে খলিলুর রহমান সরবরাহ বৃদ্ধি করার অনুরোধ করেন। এ বিষয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দেন ভারতের তেলমন্ত্রী হরদীপ পুরি।

সফরকালে দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×