চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৩ লাখেরও বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এ তথ্য জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর লালদিঘীর পাড়ে চসিক পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন। এছাড়া স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এবং পরবর্তীতে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি ও মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতা সৃষ্টি করতে পারে। তিনি Bnc News-কে জানান, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা এই ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) টিকাদান কার্যক্রম চলবে।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, এই কর্মসূচিতে ৭টি জোনের ৪১টি ওয়ার্ডে মোট ৩ লাখ ৩০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৪৮টি স্থায়ী টিম, ২০৫টি অস্থায়ী টিম, ৪১টি মপ-আপ টিম এবং ১৪টি সন্ধ্যাকালীন সেশন পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিভাবকদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধনের জন্য উৎসাহিত করা হচ্ছে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। বিশেষ করে বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত শিশুদের চিহ্নিত করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র আরও জানান, ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবক প্রস্তুত, ধর্মীয় নেতা ও শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা এবং গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, এই কর্মসূচি সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
আগামী ২০ এপ্রিল সকাল ১০টায় চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
