সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে সিলেটগামী তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে অন্তত ছয়টি বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া বাংলা নিউজ সেন্টারকে জানান, “সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটমুখী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Post a Comment

Previous Post Next Post
×