কুমিল্লায় তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ১০ বছর পর অগ্রগতি
কুমিল্লায় আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় ঘটনার এক দশক পর প্রথমবারের মতো একজন অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ঢাকা জেলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম রাজধানীর একটি বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা আদালতে তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম চলমান রাখে।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, বহুল আলোচিত এই মামলায় ইতোমধ্যে প্রায় ৮০টি শুনানির তারিখ অতিক্রম হয়েছে। চারটি পৃথক সংস্থার অধীনে মোট সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত পরিচালনা করেছেন।
বুধবার বিকেল প্রায় ৫টার দিকে আদালতে উপস্থিত ছিলেন নিহত তনুর বাবা ইয়ার হোসেন, মা এবং ছোট ভাই রুবেল হোসেন। তনুর বাবা ইয়ার হোসেন Bnc News-কে বলেন, দীর্ঘদিন পর হলেও আসামি গ্রেফতার হওয়ায় তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
তনুর ছোট ভাই রুবেল হোসেন Bnc News কে জানান, দীর্ঘ সময় পর মামলায় দৃশ্যমান অগ্রগতি হওয়ায় পরিবার নতুন করে বিচার পাওয়ার আশা দেখছে। তিনি বলেন, তাদের প্রত্যাশা বাকি অভিযুক্তদেরও দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন