টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। গত ১১ এপ্রিল অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বালিকা ও বালক—উভয় বিভাগের জমজমাট প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকরা।
দিনের প্রথম ম্যাচে বালিকা বিভাগে মুখোমুখি হয় চিতুলিয়া পাড়া ও কুকাদাইর দল। শুরু থেকেই দুই দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা একমাত্র গোলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ১-০ গোলের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এরপর বালক বিভাগের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচজুড়ে গোবিন্দাসী দলের আধিপত্য স্পষ্ট ছিল। আক্রমণভাগের ধারালো খেলায় তারা প্রতিপক্ষকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে সহজ জয় নিশ্চিত করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাকসুদ জামিল মিন্টু, হাফিজুর রহমান শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের খেলায় পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায়ে এমন আয়োজন ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
