ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি | Bnc News 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। এর আগে গত রোববার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-২। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয় এবং পরে তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে, অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখে তিনি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

র‌্যাবের পক্ষ থেকে পরদিন আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, তিনি চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র সংরক্ষণ করতেন বলে অভিযোগ আনা হয়।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

এদিকে, ১৭ নভেম্বর পর্যন্ত এ মামলায় জামিনে ছিলেন ফয়সাল করিম। তবে ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে গত মাসে তাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×