নিজস্ব প্রতিনিধি | Bnc News
ঢাকা: আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা। সকাল ১০টা থেকে ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রগুলোতে এ পরীক্ষা শুরু হয়।
প্রথম দিনে পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্র বিষয়ে অংশগ্রহণ করছেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী এবারের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, সাধারণ ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর, ব্যাগ, বই ও ব্যাংক কার্ডসহ সব ধরনের নিষিদ্ধ সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে।
পিএসসি আরও জানিয়েছে, পরীক্ষা চলাকালে কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু পদ-সংশ্লিষ্ট বিষয়ে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে।
প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং পরীক্ষার্থীদের কান ও মুখ দৃশ্যমান রাখতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজন সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে।
লিখিত পরীক্ষায় পাস নম্বর গড়ে ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে কোনো প্রার্থী কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে সেই নম্বর মোট প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত হবে না।
পিএসসি সূত্রে জানা গেছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১২ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র, ১৬ এপ্রিল ইংরেজি, ১৯ এপ্রিল বাংলাদেশ বিষয়াবলি, ২০ এপ্রিল আন্তর্জাতিক বিষয়াবলি এবং ২২ এপ্রিল গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা ২৭ এপ্রিল শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
